কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরাঞ্চলে ভাসমান চিকিৎসা ক্যাম্প, ওষুধ ও খাদ্যসামগ্রী বিতরণ
মো: শাহরিয়ার
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :
ব্রহ্মপুত্র নদ তীরবর্তী কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ভাসমান চিকিৎসা ক্যাম্প পরিচালনা এবং শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করেছে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও রিজুভা ওয়েলনেস।
বৃহস্পতিবার (৩০ জুলাই) চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ও মোহনগঞ্জ চরে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। ভাসমান চিকিৎসা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন।
চিকিৎসা ক্যাম্পে ব্যথা, হৃদরোগ, পেটের সমস্যা, চর্মরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি নারীদের মাঝে স্যানিটারি সামগ্রী এবং অসহায় পরিবারের মধ্যে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
চিকিৎসাসেবা গ্রহণকারী চরাঞ্চলের বাসিন্দারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, নদীভাঙন, ঝড়-ঝঞ্ঝা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও নানা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে প্রতিনিয়ত সংগ্রাম করেও তারা দীর্ঘদিন ধরে চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এমন উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সময়োপযোগী ও মানবিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি ডা. শাকিল আরিফ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. দলিলুর রহমান, ট্রেজারার আসিফুর রহমান, রংপুর জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডা. তাশিকুল ইসলাম, মেজর আবদুল্লাহ সায়মন, সিনিয়র সাংবাদিক আহমেদ সারোয়ার ভূঁইয়া, সায়েদুল হাসান, এক্স নটরডেমিয়ান রুবাইয়্যাত রবীন, শুভংকর এবং স্থানীয় সংগঠক সাইফুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আয়োজকরা জানান, চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এর ধারাবাহিকতায় আগামী ৩১ জুলাই চিলমারী উপজেলার চর অষ্টমীতে আরও একটি ভাসমান চিকিৎসা ক্যাম্প ও ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালনা করা হবে।