ফ্যামিলি কার্ড শুমারি: আদমদীঘিতে স্বেচ্ছাসেবী নিয়োগে প্রশংসা, নির্বাচিতদের আওয়ামী লীগ ট্যাগ দেওয়ার অভিযোগ!!
মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলায় ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে যাচাই-বাছাই শেষে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার জন্য তথ্য সংগ্রহকারী পদে ৮৬ জন এবং রিজার্ভে ৯ জনসহ মোট ৯৫ জন এবং সুপারভাইজার পদে ৯ জন ও রিজার্ভে ১ জনসহ মোট ১০ জন কৃতকার্য হয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন স্বাক্ষরিত পত্রে এ ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর কৃতকার্য স্বেচ্ছাসেবীরা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতায় সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়রাও নিরপেক্ষভাবে নিয়োগ সম্পন্ন করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।
জানা গেছে, গত ২১ জুলাই আদমদীঘি উপজেলায় মোট ৮৬ জন তথ্য সংগ্রহকারী ও ১০ জন সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির পর ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে তথ্য সংগ্রহকারী পদে ৭১৪ জন এবং সুপারভাইজার পদে ৯০ জন আবেদন করেন। আবেদন গ্রহণের পর গত ৩ আগস্ট উপজেলা প্রশাসন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা বোর্ড গঠন করে।
প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে যাচাই-বাছাই শেষে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল অনুযায়ী সান্তাহার পৌরসভায় নারী-পুরুষ মিলিয়ে ১৫ জন, সান্তাহার ইউনিয়নে নারী-পুরুষ ১ জন সংরক্ষিতসহ ১২ জন, ছাতিয়ানগ্রাম ইউনিয়নে নারী-পুরুষ ২ জন সংরক্ষিতসহ ১৫ জন, আদমদীঘি সদর ইউনিয়নে নারী-পুরুষ ২ জন সংরক্ষিতসহ ১৬ জন, নশরতপুর ইউনিয়নে নারী-পুরুষ ২ জন সংরক্ষিতসহ ১৪ জন, কুন্দগ্রাম ইউনিয়নে নারী-পুরুষ ১ জন সংরক্ষিতসহ ১২ জন এবং চাঁপাপুর ইউনিয়নে নারী-পুরুষ ১ জন সংরক্ষিতসহ ১১ জন নির্বাচিত হয়েছেন। এছাড়া সুপারভাইজার পদে ১০ জন, যার মধ্যে ১টি সংরক্ষিত পদ রয়েছে, কৃতকার্য হয়েছেন।
এদিকে ফলাফল প্রকাশের পর বাদ পড়া কয়েকজন প্রার্থী নির্বাচিতদের অনেকের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তবে নির্বাচিতদের অনেকেরই আওয়ামী লীগ বা এর কোনো অঙ্গসংগঠনের রাজনীতিতে পদ-পদবি কিংবা সাংগঠনিক সম্পৃক্ততা নেই বলে জানা গেছে। এ নিয়ে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন দলের একটি অংশ কৃতকার্য হওয়া অনেক প্রার্থীকে আওয়ামী লীগের ট্যাগ দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
অথচ ওইসব কৃতকার্য স্বেচ্ছাসেবীদের আওয়ামী লীগের কোনো অঙ্গসংগঠনের রাজনীতির পদ-পদবির সঙ্গে সম্পৃক্ততা নেই। সচেতন মহলের মতে, রাজনৈতিক প্রেক্ষাপট বদলের পর স্বার্থসিদ্ধি না হওয়ায় কেউ কেউ অপপ্রচারে লিপ্ত হয়েছেন। তথ্য সংগ্রহকারী পদে একাধিক কৃতকার্য স্বেচ্ছাসেবী জানান, নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের রাজনৈতিক প্রভাব কিংবা প্রশাসনের ওপর চাপ সৃষ্টির ঘটনা ঘটেনি। নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। তারা আরও জানান, যারা কৃতকার্য হয়নি তারা বিভিন্ন শিক্ষার্থীকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দিচ্ছেন।
সংশ্লিষ্টরা জানান, সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসজুড়ে দেশব্যাপী ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ পরিচালিত হচ্ছে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত দরিদ্র ও উপযুক্ত পরিবারের তালিকা প্রণয়নের জন্য ১ আগস্ট থেকে শুরু হওয়া এ কার্যক্রম আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।
শুমারি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সারাদেশের মতো বগুড়ার আদমদীঘি উপজেলাতেও এ কার্যক্রম শুরু হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম জানান, শুমারির তথ্য সংগ্রহকারী পদে ৮৬ জন এবং রিজার্ভে ৯ জনসহ মোট ৯৫টি পদের বিপরীতে ৭১৬ জন প্রার্থী আবেদন করেন। এছাড়া সুপারভাইজার পদে ৯ জন এবং রিজার্ভে ১ জনসহ মোট ১০টি পদের জন্য ৯০ জন আবেদন করেন।
তিনি বলেন, নিয়োগ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।##