নীলফামারীতে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের সঙ্গে ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময়
মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
নীলফামারী জেলার সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর নিরাপত্তা জোরদার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন-এর সঙ্গে জেলার সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা শহরে অবস্থিত বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এ সময় ব্যাংক কর্মকর্তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জেলা পুলিশের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় ও সমস্যা তুলে ধরেন।
ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ব্যাংক কর্মকর্তারা।
পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন ব্যাংক কর্মকর্তাদের বক্তব্য ও সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং আইনগতভাবে সেগুলো সমাধানের আশ্বাস দেন। তিনি নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি ব্যাংক কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী সার্কেল মোঃ ফারুক আহমেদ, পিপিএম-সেবা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।