বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা
মোজাম্মেল হক , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
তথ্যপ্রযুক্তির আধুনিকতার কারণে হারিয়ে যেতে বসা আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দিনাজপুরের বীরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে লাঠিখেলা।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মোহনপুর ইউনিয়নের সাহেবগঞ্জ আদর্শ ক্লাব মাঠে সাহেবগঞ্জ যুব সমাজের আয়োজনে ও নাবা ট্রেডার্সের সহযোগিতায় এ খেলা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোহনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী মো. আলমগীর আলম সিদ্দিকী ডাবলু।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীরগঞ্জ উপজেলা যুবদলের অন্যতম সদস্য, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী। এ সময় পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সুজন আলী, উপজেলা রিকশা-ভ্যান চালক ইউনিয়নের সভাপতি মো. খায়রুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
ঢাক-ঢোলের তালে লাঠিয়ালদের কসরত দেখতে মাঠজুড়ে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে। খেলায় অংশ নেয় বড় করিমপুর লাঠিয়াল বাহিনী। প্রায় ২০ বছর পর সাহেবগঞ্জে লাঠিখেলার আয়োজন হওয়ায় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। খেলা উপলক্ষে মাঠের পাশে বসে গ্রামীণ মেলাও।
বড় করিমপুর লাঠিয়াল বাহিনীর অধিনায়ক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘লাঠিখেলা এখন বিলুপ্তপ্রায়। নতুন প্রজন্মের কাছে এ ঐতিহ্য তুলে ধরতেই আমাদের এ আয়োজন।’খেলাটি পরিচালনা করেন ধারাভাষ্যকার রিমল রায়।