"মিশে যায় মাটিরই মাঝে"
কলমে /সাংবাদিক এম বাদল খন্দকার।
মুমূর্ষু, পৃথিবীর মর্মান্তিক মানুষ,
মায়ায় মর্মহীন, মিশে যায় মাটিরই মাঝে।
কত অহংকার, কত দাপট, কত ক্ষমতার লড়াই,
একদিন সব থেমে যায়, থাকে না কোনো বড়াই।
আজ যে রাজা, কাল সে ফকির, সময়ের খেলা,
মাটির উপর দাঁড়িয়েই মানুষ করে অবহেলা।
এই মাটিতেই জন্ম, এই মাটিতেই হাঁটা,
এই মাটিতেই লেখা থাকে জীবনের আঁকা-বাঁকা।
তবু মানুষ ভুলে যায়, মাটিকেই করে ঘৃণা,
ভুলে যায়, মাটিই তার শেষ ঠিকানা।
কত স্বপ্ন দেখে মানুষ, বাঁধে সুখের ঘর,
ভাবে সে থাকবে চিরকাল, হবে না কভু পর।
হঠাৎ একদিন ডাক আসে, যেতে হবে চলে,
সব মায়া পড়ে থাকে, শূন্য হাতে চলে।
প্রিয়জন কাঁদে, কিছুদিন মনে রাখে,
তারপর সময়ের স্রোতে সবই ভুলে থাকে।
যে মাটিকে এতদিন পায়ে দলে গেছে,
আজ সেই মাটিই তাকে বুকে টেনে নিয়েছে।
কিসের এতো হিংসা, কিসের এতো দ্বেষ,
মাটির সাথে মিশলেই তো সবই শেষ।
তাই বেঁচে থাকতে হও মানুষ, ছড়াও ভালোবাসা,
মাটির মানুষ হয়েই বাঁচো, এটাই মনের আশা।