দেবিদ্বারে ফুটপাত দখল করে ডিম বিক্রি, দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমান আদালত
আমজাদ হোসেন, কুমিল্লা::
নিউমার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; পুনর্দখল ঠেকাতে নিয়মিত তদারকির কথা জানিয়েছে উপজেলা প্রশাসন
কুমিল্লার দেবিদ্বারে ফুটপাত ও জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে ডিম বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে দেবিদ্বার নিউমার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড দেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, নিউমার্কেট বাজার তদারকির সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখতে পান, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কসংলগ্ন বাজারে নিজস্ব দোকান থাকা সত্ত্বেও দুই ব্যবসায়ী সামনের ফুটপাত ও জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে ডিম বিক্রি করছেন। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ব্যবসায়ী সাধন সাহাকে ১০ হাজার টাকা এবং সাদ্দাম হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, জনস্বার্থে যানজট নিরসন এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দেবিদ্বার সদর এলাকার সড়কগুলো অবৈধ দখলমুক্ত করা হয়েছে। পুনরায় যাতে কেউ এসব স্থান দখল করে ব্যবসা করতে না পারেন, সে জন্য প্রশাসনের নিয়মিত তদারকি চলছে।
তিনি আরও বলেন, পুনরায় দখলের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসন আপসহীন। এরই অংশ হিসেবে আজ দুই ডিম ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা ও যানজট কমাতে ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি নিয়মিত নজরদারি অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয়রা।