ইটনায় সার পাচারের সময় নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ।
বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় নৌকাযোগে অবৈধভাবে সার পাচারের সময় ১০৮ বস্তা সারসহ একটি নৌকা জব্দ করেছে নৌপুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার এলংজুরী ইউনিয়নে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নৌপুলিশ সূত্রে জানা গেছে, নৌকাযোগে অবৈধভাবে সার পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এলংজুরী ইউনিয়ন বাজার সংলগ্ন নৌকা ঘাটে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা ব্যক্তিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে সারবোঝাই নৌকাটি জব্দ করে পুলিশ।
ইটনা নৌপুলিশের পরিদর্শক মো. জামাল হোসেন বলেন, শুক্রবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, একটি নৌকায় করে অবৈধভাবে সার পাচার করা হচ্ছে। সারগুলো এলংজুরী বাজারে খালাস করার কথা ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। পরে নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ করা হয়।
বার্তা প্রেরক: বিজয় কর রতন, মিঠামইন, কিশোরগঞ্জ।