সিলেটে বালুবাহী ট্রাকে মিলল ৪৯০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ২
মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় নিজস্ব প্রতিনিধি
সিলেটের দক্ষিণ সুরমায় বালুবাহী একটি ডাম্প ট্রাক থেকে ৪৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় ট্রাকসহ দুইজনকে গ্রেফতার দেখানো হয়েছে।
৩১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন চকের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলার রাজাপুর এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে মো. নজরুল ইসলাম (৩৪) এবং সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন রঙ্গিনটিলা এলাকার আসলাম আলীর ছেলে মাহবুব আলম (২১)।
পুলিশ জানায়, অভিযানের সময় নম্বরপ্লেটবিহীন বালুবোঝাই ডাম্প ট্রাকটি তল্লাশি করে ৪৯০ বোতল ভারতীয় তৈরি ফেয়ারডিল (ফেনসিডিল) উদ্ধার করা হয়। পরে ট্রাকসহ দুইজনকে আটক করা হয়।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ উজ্জামান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।