টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ আটক ১২
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (২ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার রাত ৩টার দিকে অপারেশন ‘সার সুরক্ষা’র আওতায় কোস্ট গার্ড জাহাজ ও স্টেশন সেন্টমার্টিনের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে গভীর সমুদ্রে সন্দেহজনক একটি বোটের গতিবিধি লক্ষ্য করে কোস্ট গার্ডের সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। তবে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে সেটি আটক করতে সক্ষম হয়।
পরে বোটটিতে তল্লাশি চালিয়ে মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা। এ সময় পাচারকাজে ব্যবহৃত বোটসহ ১২ জনকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মিডিয়া কর্মকর্তা আরও জানান, দেশের সমুদ্রসীমায় চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।