০৪/১১/২০২৬
ইটনায় অটোরিকশার নিচে চাপা পড়ে শিশু নিহত।
বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ- কিশোরগঞ্জের ইটনায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে নিঝুম আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নিঝুম আক্তার লাইমপাশা গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে লাইমপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (৪ নভেম্বর) বিকালে লাইমপাশা গ্রামে প্রাইভেট পড়ে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল নিঝুম। পথে লাইমপাশা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে নিঝুম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কিশোরগঞ্জে রেফার্ড করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি বিভাগের চিকিৎসক ডা. আয়শা সিদ্দিকা জ্যোতি জানান, শিশুটিকে গুরুতর অবস্থায় নিয়ে আসা হয়েছিল। নাক ও মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জে রেফার্ড করা হয়েছিল। কিশোরগঞ্জে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অটোরিকশাটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
’বার্তা প্রেরক,
বিজয় কর রতন, মিঠামইন
মোবাইলঃ- ০১৭২৪-৩৬২৭৪৪