
আশাশুনিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের খেলোয়াড় বাছাই
এস,এম মোস্তাফিজুর রহমান।।খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রমকে আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ জেলা পর্যায়ে অংশগ্রহণের জন্য আশাশুনি উপজেলা কাবাডি দল গঠনের লক্ষ্যে খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় আশাশুনি উপজেলা কোয়ার্টার এলাকার মাঠে এ বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহাঙ্গীর আরিফ। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও কাবাডি দলের টিম ম্যানেজার আবু জাহিদ সোহাগ।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কাবাডি খেলায় অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়রা বাছাই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতা শেষে অনূর্ধ্ব-১৮ বছর বয়সী ১৪ জন খেলোয়াড়কে উপজেলা কাবাডি দলের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত খেলোয়াড়রা জেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ আশাশুনি উপজেলার প্রতিনিধিত্ব করবেন। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় মিজানুর রহমান। এ সময় আশাশুনি প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ এস এম মোস্তাফিজুর রহমান, থানার এস,আই,এএসআই,বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কাবাডি খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।##