
অষ্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্বাগত র্যালী।
বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি, অষ্টগ্রাম, কিশোরগঞ্জের আয়োজনে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠের পশ্চিম পাশ থেকে শুরু হয়ে অষ্টগ্রাম বড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার বাণী অনুসরণের আহ্বান জানান।
র্যালি শেষে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে মিলাদ, কিয়াম ও মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
আয়োজকরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ মানুষের জীবনে অনুসরণ করা এবং তাঁর শিক্ষা ও মানবিক মূল্যবোধ সমাজে ছড়িয়ে দেওয়াই ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের অন্যতম উদ্দেশ্য।
বার্তা প্রেরক: বিজয় কর রতন, মিটামইন, কিশোরগঞ্জ।