
প্রশিক্ষণ শেষে সনদ পেলেন ৫৯ আনসার-ভিডিপি সদস্য
মো. শাহরিয়ার
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের চর রাজিবপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে ৫৯ সদস্যের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সায়েকুল হাসান খান।
বক্তব্যে ইউএনও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আনসার-ভিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট উপজেলার বি এম কলেজ কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলে। এতে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি)-এর ৩০ জন পুরুষ ও ২৯ জন নারী সদস্য অংশ নেন।
প্রশিক্ষণ চলাকালে সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, শৃঙ্খলা, সামাজিক সচেতনতা, মাদকবিরোধী কার্যক্রম, বাল্যবিবাহ প্রতিরোধ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে করণীয়সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
সমাপনী দিনে অনুষ্ঠিত মূল্যায়ন পরীক্ষায় কৃতিত্বের ভিত্তিতে তিনজনকে পুরস্কৃত করা হয়। এতে প্রথম স্থান অর্জন করেন আব্দুল্লাহ আল মামুন, দ্বিতীয় হন জাহিদ হাসান খাতুন এবং তৃতীয় হন লিমা।
প্রশিক্ষণের আয়োজন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা। সহযোগিতায় ছিলেন উপজেলা প্রশিক্ষিকা মোছা. মমতাজ, প্রশিক্ষক মো. মেহেদী হাসান (শান্ত), উপজেলা কোম্পানি কমান্ডার মো. নজরুল ইসলাম এবং দলনেতা-দলনেত্রীবৃন্দ। অনুষ্ঠানে তৌফিকুল আল জুবায়েলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।