
বিতর্ক পিছু ছাড়ছে না তহসিলদার সালামের, নিজ ইউনিয়নে পদায়ন ঘিরে তোলপাড়
মো. শাহরিয়ার
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :
১১ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়নেরই বাসিন্দা তহসিলদার আব্দুস সালামকে (রঞ্জু তহসিলদার) পদায়ন করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এর আগে ঘুষ লেনদেনের অভিযোগে বিতর্কের মুখে পড়া এই কর্মকর্তাকে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রত্যাহার করা হয়েছিল বলে জানা গেছে। এবার নিজ ইউনিয়নের ভূমি অফিসে তাঁর পদায়ন ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সালামের বাড়ি চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে। তাঁর ও পরিবারের স্থাবর-অস্থাবর সম্পত্তিও এই ইউনিয়নের আওতাধীন বলে দাবি স্থানীয়দের। এমন পরিস্থিতিতে নিজ ইউনিয়নের ভূমি অফিসে তাঁকে পদায়নের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। তাঁদের আশঙ্কা, এতে ভূমিসংক্রান্ত সেবা প্রদান ও প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় তৈরি হতে পারে।
এর আগে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠে। এ-সংক্রান্ত ২ মিনিট ৫৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। বিভিন্ন গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। পরে তাঁকে ওই কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে মোহনগঞ্জ ইউনিয়নের কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘুষ লেনদেনের অভিযোগে বিতর্কিত কোনো কর্মকর্তাকে তাঁরা স্থানীয় ভূমি অফিসে দেখতে চান না। তাঁদের দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রশাসনিক পদায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হোক।
স্থানীয়দের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আব্দুস সালামকে মোহনগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে পদায়নের সিদ্ধান্ত বহাল থাকলে তাঁকে অপসারণের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে ।