
আগৈলঝাড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় বর্ণাঢ্য আয়োজনে দিনটি পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুমে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বক্তব্যে জহির উদ্দিন স্বপন এমপি বিএনপির সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করে একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি মাদকাসক্ত ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশনা দেন। সরকারের নির্বাচনী ইশতেহার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে উল্লেখ করে তিনি নেতা-কর্মীদের ধৈর্য ধারণ করার পরামর্শ দেন।
সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন সংসদ সদস্য।
অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।