
কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: জোড়া র্যালিতে নেতাকর্মীদের ঢল
এ.এস.এম হামিদ হাসান
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরবময় ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক দুটি আনন্দ মিছিল ও বর্ণাঢ্য র্যালি
অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
দিনব্যাপী কর্মসূচির প্রথমভাগে সকালে কটিয়াদী বাসস্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। উপজেলা বিএনপি’র সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপের নেতৃত্বে
র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শুরুর স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ডা. জহর লাল রায়, সহ-সভাপতি মো. শাহিদুল্লাহ, মিজানুর রহমান স্বপন, শফিকুল রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ রহমান মিটু ও শফিকুল ইসলাম ফুলু এবং সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
দিনের দ্বিতীয়ভাগে বিকেলে কটিয়াদী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের নেতৃত্বে অপর একটি বিশাল র্যালিটি বের করা হয়। র্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এই কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক ও মাহবুবুর রহমান বাচ্চু, পৌর বিএনপি’র সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ ও সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইলিয়াস আলীসহ অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও চেতনাকে পাথেয় করে বিএনপি সবসময় দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে রাজপথে রয়েছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সব বিভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তাঁরা দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করার প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।