
আশাশুনিতে জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
দায়িত্বশীলদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালনের আহ্বান
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলা জামায়াতের উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটে আশাশুনি উপজেলা জামায়াত কার্যালয়ে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক।
বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমীর প্রফেসর আব্দুস সবুর, উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ আব্দুল বারী,ডাক্তার রোকনুজ্জামান এবং বায়তুলমাল সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল দায়িত্বশীলদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। তিনি সাংগঠনিক দায়িত্ব পালনে নিষ্ঠা,আন্তরিকতা,শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের নীতিমালা অনুসরণ করে দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
বৈঠকে আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নের ৯৯টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিগন উপস্থিত ছিলেন। শিক্ষা বৈঠকে দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দায়িত্ব পালনে সচেতনতা এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।##